হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন এক পদক্ষেপ নিয়েছে ইরান। এর অংশ হিসেবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের ৪৫টি তেল ও গ্যাসবাহী ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করেছে ইরান। শুধু তাই নয়, এসব জাহাজের সঙ্গে পণ্য স্থানান্তরের কাজে যুক্ত অন্য যেকোনো নৌযানের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
রোববার (২৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের নবগঠিত ‘পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ’ এই তথ্য জানায়। হরমুজ প্রণালি ব্যবস্থাপনার জন্য সম্প্রতি সংস্থাটি গঠন করেছে তেহরান। খবর রয়টার্সের
‘পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ’ জানায়, তালিকাভুক্ত জাহাজগুলোকে জরিমানা করা হতে পারে, আটক করা হতে পারে ও তাদের বহন করা পণ্যও জব্দ করা হতে পারে।
যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের হুমকি দেওয়ার কয়েক দিনের মধ্যেই তেহরানের এই সতর্কবার্তা এলো। নতুন করে যুক্তরাষ্ট্র কোনো হুমকি দিলে তার জবাব ‘বিধ্বংসী’ হবে বলেও এর আগে সতর্ক করেছিল ইরান।

