হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। এই ম্যাচে একটি গোল করার পাশাপাশি সতীর্থ ম্যাথিউস কুনহাকে দিয়ে আরেকটি গোল করিয়ে বিশ্বকাপে নতুন মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
চলতি বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচেও গোল করেছিলেন ভিনিসিয়ুস। ২০২২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও গোলের দেখা পান তিনি। ফলে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে তিনে।
এই অর্জনের মাধ্যমে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোকে পেছনে ফেলেছেন ভিনিসিয়ুস। রোনালদিনহো বিশ্বকাপে দুটি গোল করেছিলেন, যা ২০০২ আসরে এসেছিল। মাত্র ছয় ম্যাচ খেলেই সেই সংখ্যা ছাড়িয়ে গেলেন ভিনিসিয়ুস।
হাইতির বিপক্ষে ভিনিসিয়ুসের পাস থেকে গোল করেন ম্যাথিউস কুনহা। ফলে বিশ্বকাপে ভিনিসিয়ুসের মোট গোল-অবদান দাঁড়িয়েছে ছয়ে— তিন গোল ও তিন অ্যাসিস্ট।
বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে গোল অবদানের হিসাবেও রোনালদিনহোর পাশে জায়গা করে নিয়েছেন ভিনিসিয়ুস। ২০০২ বিশ্বকাপে দুটি গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছিলেন রোনালদিনহো। ২০০৬ বিশ্বকাপে যোগ করেন আরেকটি অ্যাসিস্ট। সব মিলিয়ে ১০ ম্যাচে তার গোল অবদান ছিল ছয়টি। অন্যদিকে মাত্র ছয় ম্যাচেই সেই সংখ্যা স্পর্শ করেছেন ভিনিসিয়ুস। সামনে আরও ম্যাচ থাকায় রোনালদিনহোর এই রেকর্ড ভেঙে দেওয়ার সম্ভাবনাও রয়েছে তার।

