আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শনিবার (১১ এপ্রিল) যশোরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনীস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সফরের বিস্তারিত সূচি জানিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব বাংলাদেশে পড়লেও সরকার জনগণের ভোগান্তি কমাতে কাজ করছে। বর্তমানে ইরি সেচ মৌসুম চলমান থাকায় কৃষকদের স্বার্থকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর যশোরের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। বিগত ১৭ বছর যশোরে উন্নয়ন থমকে গিয়েছিল। প্রধানমন্ত্রীর আগমনের মাধ্যমে উন্নয়নের চাকা নতুন করে সচল হবে।
প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দর থেকে উলাশী খাল পুনঃখননের উদ্বোধন করবেন এবং যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের উদ্বোধন করবেন। সফরের শেষে তিনি একটি জনসভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা প্রশাসকের সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তার সফরকে ঘিরে যশোরবাসীর মধ্যে উচ্ছ্বাস রয়েছে। স্থানীয়রা আশা করছেন, প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে যশোরের উন্নয়ন বঞ্চিত খরা কাটবে।

