প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করলেও হাইতিকে হারিয়ে চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ব্রাজিল। সেই সঙ্গে নকআউট পর্বে যাওয়ার সমীকরণটাও সহজ হয়ে গেছে সেলেসাওদের জন্য।
কারও ওপর নির্ভরশীল না হয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে থাকতে হলে ব্রাজিলকে স্কটল্যান্ডের সঙ্গে শুধু ড্র করলেই হবে। আগামী ২৪ জুন মায়ামিতে হবে ম্যাচটি।
গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে আর একটি পয়েন্ট পেলেই ব্রাজিল অন্তত গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত করবে। গ্রুপের প্রথম স্থান নির্ধারণ হবে মরক্কো বনাম হাইতি ম্যাচের ফল শেষে। একই দিন একই সময়ে হবে ম্যাচটি।
টাইব্রেকিং নিয়ম অনুযায়ী দুই দলের পয়েন্ট সমান হলে হেড টু হেড, গোল পার্থক্য ও গোল সংখ্যা বিবেচনা করা হবে। ব্রাজিল স্কটল্যান্ডের কাছে হেরে গেলেও নকআউটের টিকিট পেতে পারে, যদি আফ্রিকানরা হাইতির কাছে হেরে যায় এবং গোল ব্যবধানে পিছিয়ে থাকে।
আরেকটি বিকল্প পথ, যদি মরক্কো অন্তত ড্র করে, তবে ব্রাজিল সেরা আটটি তৃতীয় দল হয়ে পরের পর্বে খেলবে। আর প্রথম স্থানে থাকতে হলে ব্রাজিলকে স্কটল্যান্ডের বিপক্ষে জিততে হবে এবং আশা করতে হবে মরক্কো যেন হাইতির কাছে হোঁচট খায়।
ব্রাজিল ও মরক্কো যদি তাদের ম্যাচে একই স্কোর করে, তবে ব্রাজিলিয়ান দল গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আর মরক্কো যদি চার বা তার বেশি গোল দেয় কিংবা ব্রাজিল ছোট ব্যবধানে জেতে, তাহলে আফ্রিকানরা শীর্ষে থাকবে।

